আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তিনি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার (২ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচিত হলে, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না।’
তিনি আরও উল্লেখ করেন, ‘এমনভাবে বাস্তবায়ন করা হবে যাতে পরিচ্ছন্নতাকর্মীরাও কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন না হন।’
এর আগে তিনি জানান, দলের পক্ষ থেকে তাকে ডিএসসিসি নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং তিনি সেই অনুযায়ী কাজ শুরু করেছেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিতি পান। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। একই বছরের ৯ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ১৬ আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।
২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন এবং পরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন।