মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার একটি সুবিধাবঞ্চিত পরিবার অবশেষে দীর্ঘ ৩১ বছরের অপেক্ষার পর বিদ্যুৎ সংযোগ পেতে যাচ্ছে। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের নজরে আসে বিষয়টি, আর তাতেই বদলে যেতে শুরু করে পরিবারটির ভাগ্য।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান সরেজমিনে ওই বাড়ি পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা মাস্টার্স পড়ুয়া পারমিতাদের পরিবারের অবস্থা দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা পল্লি বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য খুঁটি স্থাপনের স্থান নির্ধারণ করেন এবং দ্রুত কাজ সম্পন্নের আশ্বাস দেন। সংশ্লিষ্টরা জানান, কারিগরি কাজ শেষ হলেই পরিবারটি বিদ্যুতের আওতায় চলে আসবে।
স্থানীয়দের ভাষ্য, স্বাধীনতার পর এত দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকা এই পরিবারটির দুর্দশা চরমে পৌঁছেছিল। বিশেষ করে শিক্ষার্থী পারমিতার পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
এদিকে, পরিবারটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। তার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পরিবারের খোঁজখবর নেয় এবং নতুন ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করে।
এছাড়াও ছাত্র অধিকার, ছাত্র শক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও পরিবারটির পাশে এসে দাঁড়ান। তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিতসহ সার্বিক সহযোগিতার দাবি জানান।
দীর্ঘ প্রতীক্ষার পর বিদ্যুতের আলো পেতে যাওয়ায় পরিবারটির মধ্যে স্বস্তি ও আনন্দের ছাপ দেখা গেছে। স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের এই উদ্যোগে পরিবারটির জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে।