জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বিএনপির সমালোচনা করে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ‘জুলাই জাতীয় সনদ’কে বিএনপি দলীয় ইশতেহারে রূপ দিয়ে এর মূল চেতনাকে ক্ষুণ্ন করেছে এবং এটিকে ‘অন্তহীন প্রতারণার দলিল’-এ পরিণত করেছে।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জনকে ‘নোট অব ডিসেন্ট’ যুক্ত করে দুর্বল করা হয়েছে। তার মতে, সনদে এমন ধারা রাখা হয়েছে, যেখানে নির্বাচনে জয়ী দল নিজেদের ইশতেহার অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে—যা জাতীয় ঐক্যের ধারণার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেমন ১৯৭২ সালের সংবিধানকে দলীয় স্বার্থে ব্যবহার করেছিল, বিএনপিও একইভাবে জুলাই সনদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দ্রুত সাংবিধানিক সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, সংস্কারের পথ থেকে সরে গিয়ে শুধু নির্বাচনী প্রতিশ্রুতিতে মনোযোগ দেওয়া হচ্ছে।
রাজনীতির বিভাজন নিয়ে সমালোচনা করে তিনি ‘সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি’ সংস্কৃতির অবসান চেয়েছেন। তার মতে, স্বাধীনতার পাঁচ দশক পরও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ বিভাজন থাকা অনভিপ্রেত।
এছাড়া সংসদ সদস্যদের ঋণ প্রসঙ্গে নাহিদ ইসলাম দাবি করেন, বর্তমান এমপিদের মধ্যে উল্লেখযোগ্য অংশ ঋণগ্রস্ত এবং তাদের মোট ঋণের পরিমাণ ১১ হাজার কোটি টাকার বেশি। তিনি বলেন, এই ঋণ পুনঃতফসিলের সুযোগ দিতেই নীতিনির্ধারণী পর্যায়ে প্রভাব খাটানো হয়েছে, যা আর্থিক খাতে জনআস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।