ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায় চৌধুরী তার হলফনামায় উল্লেখিত স্বর্ণসম্পদ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। রোববার (২৬ এপ্রিল) দক্ষিণ কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, পারিবারিকভাবে পাওয়া উপহার থেকেই তার এই স্বর্ণালংকার এসেছে।
তিনি জানান, নিজের নামে থাকা ৫০২ ভরি স্বর্ণসহ অন্যান্য গয়না বিয়ের আগে ও পরে পিতৃকুল, মাতৃকুল এবং শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনদের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। এসব সম্পদের তথ্য আগেই আয়কর নথিতে উল্লেখ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
নিপুণ রায় বলেন, “আমার নিজ পরিবার ও শ্বশুরবাড়ি—দুই পরিবারই ভগবানের দান। সেই দিক থেকে আমি রাজকপালী।” তিনি আরও জানান, স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা হিসেবে হিসাব করেছেন।
তিনি তার ব্যক্তিগত সম্পদের মধ্যে একটি ফ্ল্যাট ও দুটি গাড়ির তথ্যও উল্লেখ করেন এবং কিছু ঋণের বিষয়েও জানান। পাশাপাশি তিনি দাবি করেন, তার পরিবার দীর্ঘদিন ধরে সততার সঙ্গে রাজনীতি করে আসছে।
নিপুণ রায় বলেন, ভবিষ্যতেও সততা বজায় রেখে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান এবং জনগণের আস্থা অর্জনে কাজ করবেন।