জাতীয় সংসদে জেলে থাকা আওয়ামী লীগের মন্ত্রীদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়া। রবিবার (২৬ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, জুলাই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ-এর যেসব মন্ত্রী বর্তমানে কারাগারে রয়েছেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যক্রম শুরু করা প্রয়োজন। তিনি “নুরেমবার্গ স্টাইল” যুদ্ধাপরাধ ট্রায়ালের কথাও উল্লেখ করে বলেন, অপরাধের বিচার না হলে শহীদদের প্রতি সম্মান দেখানো সম্ভব নয়।
রেজা কিবরিয়া প্রশ্ন তোলেন, এতদিনেও হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে শাস্তি দেওয়া হয়নি কেন। শুধু বক্তৃতা নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া তিনি নিজ নির্বাচনি এলাকা নবীগঞ্জ-বাহুবলের উন্নয়নের জন্য আধুনিক হাসপাতাল, নার্সিং কলেজ ও টেকনিক্যাল প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানান। একই সঙ্গে দেশে মাদক সমস্যাকে গুরুতর উল্লেখ করে কঠোর আইন প্রয়োগের ওপর জোর দেন।