জাতীয় সংসদে শহীদের সংখ্যা নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান। রবিবার (২৬ এপ্রিল) অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, শহীদদের তালিকা যাচাই-বাছাই করেই প্রস্তুত করা হয়েছে এবং এ বিষয়ে কোনো বানোয়াট তথ্য দেওয়া হয়নি।
তিনি জানান, তাদের কাছে একটি পূর্ণাঙ্গ প্রোফাইল রয়েছে, যা যাচাই ও ক্রসচেকের পর প্রকাশ করা হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান-এর বক্তব্যের জবাবে তিনি বলেন, শহীদের সংখ্যা ৮০০-এর বেশি হলে ১২০০ পরিবারের কাছে যাওয়ার প্রশ্ন ওঠে কেন—এই প্রশ্নের ব্যাখ্যা তালিকাতেই রয়েছে।
শফিকুর রহমান আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের হিসাবেও শহীদের সংখ্যা এক হাজারের বেশি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, আন্তর্জাতিক পর্যায়েও শহীদের সংখ্যা আরও বেশি বলে উঠে এসেছে।
তিনি অভিযোগ করেন, কিছু ঘটনার পূর্ণাঙ্গ হিসাব এখনো সামনে আসেনি এবং নিখোঁজদের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন। সংসদে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বানও জানান তিনি।