আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের নির্দেশনায় সেনবাগ উপজেলায় কর্মরত জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশনের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলায় বিদ্যমান একাধিক প্রেসক্লাব একীভূত করে প্রকৃত সাংবাদিকদের নিয়ে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য সংগঠন গঠনের প্রস্তাব আহ্বান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম বলেন, “রিপোর্টার এবং মিডিয়া কর্মী ভাইয়েরা আপনারা নিজেদের স্বার্থে এবং সেনবাগের সার্বিক উন্নয়নের লক্ষ্যে যারা বিভিন্ন স্বীকৃত ও ভালো সার্কুলেশনের পত্রিকা বা মিডিয়ায় কর্মরত, তাদের সদস্য তালিকা আমার কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছি। পরবর্তীতে আপনারা সবাই মিলে একটি প্রেসক্লাব গঠনে এগিয়ে আসবেন এটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরও বলেন, “সেনবাগ উপজেলার মাননীয় এমপি মহোদয় অত্যন্ত আন্তরিক। তার নির্দেশনায় মূলত এই সভার আহ্বান করা হয়েছে। আমরা আশা করছি, আপনাদের সহযোগিতায় অচিরেই একটি কার্যকর প্রেসক্লাব গঠন সম্ভব হবে।” সভায় সেনবাগ প্রেস ক্লাব ও সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করলেও সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন “সেনবাগ প্রেস ক্লাব ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশনে কর্মরত প্রকৃত সাংবাদিকদের নিয়ে সংগঠন টি পরিচালিত হয়ে আসছে। আমাদের প্রস্তাব থাকবে নতুন কোন সংগঠন নয়, সেনবাগ প্রেস ক্লাবে সদস্য হতে পারবে যে কেউ। কিন্তু অবশ্যই প্রকৃত সাংবাদিক হতে হবে সরকারি নিবন্ধিত জাতীয় কোন দৈনিক পত্রিকা বা টেলিভিশনের সাংবাদিক হতে হবে। নামে বেনামে ফেসবুক সাংবাদিক হলে আমরা কখনো সদস্য করবো না।”
এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো। সাংবাদিক এম এ আউয়াল, কাজী ফখরুল সাংবাদিক জাহাঙ্গীর পাটোয়ারি,সাংবাদিক হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।