মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে নিহত যুবক আরাফাত খানের কবর দাফনের পর থেকেই প্রতিরাতে পাহারা দিচ্ছে তার পরিবার। কবরের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্বজনরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে সরেজমিনে উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে গিয়ে দেখা যায়, আরাফাত খানের কবরের পাশে বসে রয়েছেন তার বাবা জসিম খান। সন্তানের কবর অক্ষত রাখা এবং সম্ভাব্য লাশ চুরির শঙ্কা থেকেই তারা রাতভর পাহারা দিচ্ছেন বলে জানান তিনি।
নিহত আরাফাতের বাবা জসিম খান বলেন, “আমার ছেলে দর্জির কাজ করে সংসার চালাত। গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। বিভিন্ন জায়গায় শুনেছি, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের লাশ চুরির ঘটনা ঘটে। সেই ভয় থেকেই আমরা কবর পাহারা দিচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি নিজেও অসুস্থ। সবসময় কবরের পাশে থাকতে পারি না। তাই ঋণ করে লোক রেখে পাহারা দিতে হচ্ছে। সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে, তবুও সন্তানের কবর রক্ষায় প্রতিদিন খরচ করতে হচ্ছে। প্রশাসন যদি কবরস্থানের নিরাপত্তার ব্যবস্থা করত, তাহলে কিছুটা স্বস্তি পেতাম।”
স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক ও উদ্বেগজনক। তারা কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে পরিবারটি এই মানসিক চাপ থেকে মুক্তি পায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে আরাফাত খান (২২) ও রিজান ঢালী (১৮) নামে দুইজনের মৃত্যু হয়।