আমজাদ শিবলু ,সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলায় যৌথ অভিযানে ১১টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৭টি অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে কানকিরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে বন বিভাগের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট (WCCU) ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক। এতে সহযোগিতা করেন অ্যানিমেল রাইটস বিডি ৬৪
টিম, উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা ইব্রাহিম খালিল ও স্থানীয় রেঞ্জ কর্মকর্তারা। অভিযানকালে অবৈধভাবে আটক রাখা ৪টি টিয়া, ৩টি শালিক, ৩টি গুগু ও সেনবাগ রাস্তার মাথা নামাক স্থান থেকে ১টি বানরসহ মোট ১১টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। এগুলো দীর্ঘদিন ধরে খাঁচায় বন্দি অবস্থায় ছিল বলে জানা গেছে। উদ্ধারের পর স্থানীয়দের উপস্থিতিতে ৭টি সুস্থ প্রাণীকে অবমুক্ত করা হয়। অসুস্থ ৪টি প্রাণীকে চিকিৎসার জন্য বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।
বন বিভাগ জানায়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এ ধরনের অপরাধ দণ্ডনীয়। বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।