মুন্সিগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘ ১৬ বছর পর সারা দেশে একযোগে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
মুন্সিগঞ্জ জেলায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মুন্সিগঞ্জের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং কাজী কমরউদ্দিন গভর্নমেন্ট ইন্সটিটিউট কেন্দ্র ঘুরে দেখেন। তিনি বিভিন্ন কক্ষ পরিদর্শন করে পরীক্ষার্থীদের সার্বিক অবস্থা, উপস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
জেলা প্রশাসক কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।