মোঃ হাসনাইন আহম্মেদ
আধুনিক ভোলার রূপকার, সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল ২০২৬) বাদ আসর ভোলা সদর উপজেলার উকিলপাড়াস্থ ‘শান্ত নীড়’-এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্ট (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জেলা প্রশাসক ডা. শামীম আহম্মেদ, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুম নাজিউর রহমান মঞ্জুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভোলার উন্নয়ন ও আধুনিকায়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মরহুমের বড় ছেলে আন্দালিব রহমান পার্থ বলেন, তাঁর বাবা নাজিউর রহমান মঞ্জু ভোলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি সবার কাছে তাঁর পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।
পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিবছরই তাঁর স্মরণে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে।