নরসিংদীতে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে একদল চোর বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে শিক্ষা উপকরণসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে শিশুদের অনলাইন শিক্ষাদানের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পীকার, ল্যাপটপ, এলইডি মনিটর, ৪টি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সিসি ক্যামেরা, ছুটির কাজে ব্যবহৃত পিতলের ঘণ্টা। পাশাপাশি বিদ্যালয়টির জরুরি কাগজপত্র তছনছ করে তারা। এতে বিদ্যালয়টির প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিকুন্নাহার জানান, ভগীরথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৮২জন শিক্ষার্থী রয়েছে এবং দীর্ঘদিন ধরে সুনামের সাথেই শিক্ষার্থীদের পাঠদান করে আসছে এই প্রতিষ্ঠানটি। সরকারি এই প্রতিষ্ঠানে পাঠদানের জন্য ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ব্যবহৃত হতো। পাশাপাশি সিলিং ফ্যান, টেবিল ফ্যান ছিল ক্লাসরুমসহ প্রধান শিক্ষকের কক্ষে।
তিনি আরও বলেন, বুধবার নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে দেখা যায় মঙ্গলবার রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়টির অবস্থান মহাসড়কের পাশে হওয়ায় সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা ছিল, চোর চক্রটি চুরির পাশাপাশি বিদ্যালয়ে স্থাপন করা সিসি ক্যামেরাও খুলে নিয়ে যায়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।