সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে অভিযান চালিয়ে ২.২৪ একর জমি উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত ওই জমিতে তাৎক্ষণিকভাবে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার মধ্যপাড়া রেঞ্জের আওতাধীন আফতাবগঞ্জ বিটের জয়পুর মৌজায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এবং মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র বন বিভাগের জমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে খামার ও অন্যান্য স্থাপনা গড়ে তোলে এবং দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জয়পুর ইউনিয়নের কাতলমারী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনভূমি অবৈধভাবে দখল করে সেখানে গরুর খামার ও রাইস মিল স্থাপন করে আসছিলেন। এ বিষয়ে তার বিরুদ্ধে একাধিকবার নোটিশ প্রদান ও মামলা করা হলেও তিনি দখল ছাড়েননি।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে ওই জমি দখলমুক্ত করে। অভিযানে মোট ২.২৪ একর জমি উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত জমিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন জানান, সংরক্ষিত বনভূমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান ও বনায়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।