আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, “আমি সংবাদপত্রের জগতকে অত্যন্ত ভালোবাসি।
কারণ গণমাধ্যমই আমাকে নেতৃত্বের জায়গায় উন্নত করেছে। তারেক রহমানের পক্ষে কথা দেশবাসীর কাছে পৌঁছে দিয়েছে, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরেছে এবং শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়গুলোও দেশব্যাপী প্রচার করেছে। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মের প্রতি আমি কৃতজ্ঞ।”
শুক্রবার (২০ মার্চ) সেনবাগ উপজেলা মডেল মসজিদের হলরুমে সেনবাগ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি আরও বলেন, “স্থানীয় গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করবেন—এটাই আমার প্রত্যাশা।
” ইফতার উদযাপন কমিটির আহ্বায়ক কাজী ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক নুর হোসাইন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব ও কাবিলপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন,
সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল, সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা, যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবিরসহ স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্যা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নির্বাহী সদস্য খোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, সাংবাদিক মো. বশির আহমেদ ও মো. ইব্রাহিম সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।