নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে ফসলি জমি থেকে অবাধে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।
শুষ্ক মৌসুম শুরু হওয়ার পর থেকেই এক শ্রেণির অসাধু মাটি ব্যবসায়ী সরকারের নিয়ম-নীতি উপেক্ষা করে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করে বিক্রি করছে। এসব মাটি অর্ধশতাধিক টি-টুয়েন্টি ট্রাক্টরের মাধ্যমে ইটভাটা ও বিভিন্ন স্থানে ভরাট কাজে নিয়ে যাওয়া হচ্ছে। এতে গ্রামীণ সড়কগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ছে এবং বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ভারী ট্রাক্টরের চলাচলের কারণে অনেক কাঁচা ও আধাপাকা রাস্তা ভেঙে পড়েছে। ফলে সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি ট্রাক্টরে করে মাটি বহনের সময় অনেক ক্ষেত্রে পাকা সড়কের উপর মাটি পড়ে থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসি জানিয়েছেন এভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলন অব্যাহত থাকলে জমির উর্বরতা কমে যাবে এবং ভবিষ্যতে খাদ্য উৎপাদন হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে গ্রামীণ অবকাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নান্দাইলে দীর্ঘদিন ধরে ট্রাক্টরভর্তি মাটি বিভিন্ন ইটভাটা ও ভরাট স্থানে নেওয়ার ঘটনা সবার চোখের সামনে ঘটলেও এখনো পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে জনমনে ক্ষোভ বাড়ছে।
এ বিষয়ে এলাকাবাসী ও সুধীজনরা জনস্বার্থে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। তারা ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ করে খাদ্য উৎপাদন ও গ্রামীণ সড়ক অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।