মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে সরকার ও রাজনৈতিক নেতৃত্ব একসঙ্গে কাজ করছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে গণঅধিকার পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখা।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, দলের নেতা তারেক রহমান একজন পরিশ্রমী ও ডায়নামিক নেতা। তিনি বলেন, “আমরা যে পরিকল্পনা করি, তার আগেই তিনি বিস্তারিত পরিকল্পনা ও রোডম্যাপ আমাদের সঙ্গে শেয়ার করেন।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন সকাল ৯টার মধ্যেই অফিসে উপস্থিত হন এবং অনেক সময় নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যান। সরকারি অফিসগুলোতে সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর ফলে মানুষের সেবা পেতে যে আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানি রয়েছে তা অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহিদুর রহমান এবং সঞ্চালনা করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।