নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল দেখতে পান কর্তব্যরত ডাক্তারের অর্ধেক ই অনুপস্থিত রয়েছেন।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় তিনি পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। ডাক্তারদের সময়মত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি পরিদর্শনে যান।
জানা যায়, হাসপাতালে কর্তব্যরত ২১ জন ডাক্তারের মধ্যে ৫ জন ছুটিতে থাকায় ১৬ জন ডাক্তার দায়িত্বে নিয়োজিত থাকার কথা থাকলেও এর মধ্যে ৮ জনের উপস্থিতি দেখতে পান তিনি। এর মধ্যে ২ জন ডাক্তার আবার নির্ধারিত সময়ের পরে এসেছেন। পরে তিনি হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন ও রোগীদের সঙ্গে কথা বলেন।
পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়েছি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময় মতো ডাক্তাররা আসেন না। এরই পরিপ্রেক্ষিতে আজকে সকালে হাসপাতাল পরিদর্শন করে তার সত্যতা পেয়েছি।
আমরা আজকে কর্তব্যরত ১৬ জন ডিউটি ডাক্তারের মধ্যে ৮ জনের উপস্থিতি পেয়েছি। ডাক্তাররা মানবিক কাজ করেন। আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। তা ডাক্তারদের মাধ্যমেই পৌঁছে দেওয়া হবে। কিন্তু তারাই সময়মত উপস্থিত নেই। যারা উপস্থিত হয়নি তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা নগদ টাকা দিয়ে রেবিক্স টিকা কিনছি। প্রতি উপজেলায় টিকা পৌঁছে দেওয়া হচ্ছে। দেশে রেবিক্স টিকার আর সমস্যা হবে না।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুন, পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলমসহ প্রমুখ।