বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তার এলাকায় নির্বাচনে কারচুপি না হলে প্রতিপক্ষ এত ভোট পেতে পারত না। তিনি অভিযোগ করেন, নির্বাচনে বিভিন্নভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে রমনা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
মির্জা আব্বাস বলেন, “মুরুব্বিরা আমাদের শিখিয়েছেন—মিথ্যা বলা মহাপাপ। তাই কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা থেকে বিরত থাকুন এবং আমাদেরও সেই পাপের মধ্যে টেনে আনবেন না।”
তিনি দাবি করেন, তার নির্বাচনী এলাকায় ভোট কারচুপি না হলে প্রতিপক্ষ এত ভোট পেত না। ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডে এমন কাউকে দেখাতে পারবে না যারা প্রতিপক্ষকে ভোট দিয়েছে। অন্যদিকে তিনি নাম ধরে বলতে পারবেন কে কে তাকে ভোট দিয়েছেন।
তিনি আরও বলেন, “আমরা রাতের বেলায় কয়েকটি স্কুলে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করেছি। তা না হলে সব কেন্দ্র সিল মেরে নিয়ে যেতেন।”
মির্জা আব্বাস অভিযোগ করেন, অদ্ভুত কৌশলে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে এবং তার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, “আমার এলাকায় হারার ইতিহাস নেই। আওয়ামী লীগের আমলে প্রকৃত নির্বাচন হয়নি—এটা সবাই জানে। আমার এলাকায় আমার বন্ধু ও আত্মীয়-স্বজন আছে, তাই আমার ভোটের কোনো অভাব নেই।”
তিনি প্রশ্ন রেখে বলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে আপনারা এত ভোট কিভাবে পেলেন? আমি প্রমাণ করতে পারব যে নির্বাচনে কারচুপি হয়েছে।”
রমনা থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।