ইসরাইল ও যুক্তরাষ্ট্র আরব দেশগুলোকে যুদ্ধে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের ওপর যৌথ হামলার মাধ্যমে ওয়াশিংটন ও তেল আবিব পারস্য উপসাগরীয় দেশগুলোকে চলমান সংঘাতে টেনে আনতে চাইছে।
বিবৃতিতে রাশিয়া দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরান কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালাতে বাধ্য হয়। এতে বিভিন্ন স্থানে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে রাশিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে এবং পুরো অঞ্চলকে বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তারা বলেছে, এভাবে আরব দেশগুলোকে অন্যের স্বার্থের যুদ্ধে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।
রাশিয়া আরও জানায়, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে বর্তমানে সংঘাত প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করা হয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সূত্র: আল জাজিরা।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?