রবিউল ইসলাম শিবগঞ্জ প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় অভিনব কায়দায় মোটরসাইকেলের সিটের নিচে ও তেলের ট্যাঙ্কিতে করে মাদক পাচারের সময় ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার মুরাদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার পশ্চিম বালাতারি গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে আরিফ হোসেন(১৯) ও মোতালেব হোসেনের ছেলে পলাশ মিয়া(২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মুরাদপুর এলাকার মীর এন্ড রুবেল ফিলিং স্টেশনের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে অবস্থান নেয়। এসময় আরিফ ও পলাশ একটি মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে তল্লাশি করে।
পরে মোটরসাইকেলের জ্বালানি ট্যাঙ্কির ভেতর এবং সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।