মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়ন-এর চরবেহেরপাড়া গ্রামে নির্মিত কমিউনিটি ক্লিনিকটি উদ্বোধনের কয়েক বছর পার হলেও এখনো চালু হয়নি। ফলে এলাকাবাসী প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্লিনিকটির নির্মাণকাজ শেষ হয় ২০২০ সালে এবং ২০২২ সালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত কোনো চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লিনিকের প্রধান ফটকে তালা ঝুলছে। কক্ষগুলোর ভেতরে ধুলাবালু জমে আছে, ছাদ ও কোণায় মাকড়শার জাল। দেয়ালের বিভিন্ন অংশে প্লাস্টার খসে পড়েছে এবং ফাটল দেখা দিয়েছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনটির অবস্থা দিন দিন নাজুক হয়ে পড়ছে। একসময় বিদ্যুৎ সংযোগ থাকলেও বর্তমানে সেটিও বিচ্ছিন্ন রয়েছে।
এলাকাবাসী জানান, ক্লিনিকটি চালু হলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসাসেবা পেতেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী ও শিশুদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল। বর্তমানে সামান্য চিকিৎসার জন্যও তাদের দূরের হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হচ্ছে, যা সময় ও অর্থ—উভয় দিক থেকেই কষ্টসাধ্য। জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা না পাওয়ায় ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ করেন তারা।
গ্রামবাসীর অভিযোগ, উদ্বোধনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জনবল নিয়োগ, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ কিংবা নিয়মিত সেবা কার্যক্রম শুরুর কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এতে স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মালেক বলেন, সরকারি ভাবে কমিউনিটি ক্লিনিকের জন্য কোনো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। আমরা উপর মহলে এখানে নিয়োগের জন্য আবেদন দিয়েছি। এই কমিউনিটি ক্লিনিক চালুর বিষয়ে আমাদের তেমন কিছু করার নেই।
এলাকাবাসীর দাবি, দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও সরঞ্জাম সরবরাহ করে ক্লিনিকটি চালু করা হোক। সচল হলে চরবেহেরপাড়াসহ আশপাশের গ্রামের মানুষ স্বল্প খরচে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন এবং জরুরি সময়ে তা গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।