রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোরগ্যাং, চাঁদাবাজ ও ছিনতাই দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১০০ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত আদাবর এবং মোহাম্মদপুরে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত ১০টা থেকে মধ্য রাত ২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবরসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
ডিসি আরও জানান, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারী যাতে কোনভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে কোনো অপরাধী চক্র বা সংঘবদ্ধ চক্র যাতে কোনো ধরনের সুযোগ নিতে না পারে, সেদিক লক্ষ্য রেখে আমরা অভিযান অব্যাহত রাখব বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এ সময় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।