মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলাধীন মুন্সিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম ও সেবার মান ঘুরে দেখেন।
এ সময় তিনি মুন্সিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং হাসপাতালের পরিবেশ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
পাশাপাশি বহির্বিভাগ ও জরুরি বিভাগের নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম, প্রসূতি ও শিশু বিভাগে রোগীর চাপ, অনুমোদিত পদের বিপরীতে শূন্যপদের সংখ্যা এবং চিকিৎসা সেবার সামগ্রিক মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
জেলা প্রশাসক হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মুন্সিগঞ্জ-এর তত্ত্বাবধায়ক ডাঃ আহাম্মদ কবীর, সিভিল সার্জন ডাঃ কামরুল জমাদ্দার, মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।