অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। রোববার ত্রিশাল উপজেলার একটি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
চালকরা জানান, ত্রিশাল থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ গেট পর্যন্ত চলাচলকারী অটোরিকশা থেকে প্রতিদিন ৩০ টাকা করে চাঁদা নেওয়া হতো। তবে রোববার সকালে এক চালকের কাছে ৭০ টাকা দাবি করা হলে তিনি প্রতিবাদ করেন।
পরে বিষয়টি অন্য চালকদের জানালে সকাল ১০টার দিকে তারা মহাসড়ক অবরোধ করে অতিরিক্ত চাঁদা বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত চাঁদা আদায়ের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে স্বাভাবিকভাবে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, অতিরিক্ত চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে অবরোধ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক থেকে চালকদের সরিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।