জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক বৈশিষ্ট্য ধরে রাখতে না পারায় তরুণ প্রজন্মের একটি বড় অংশ আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও ও শহীদ মীর মুগ্ধর জমজ ভাই মীর স্নিগ্ধ। তিনি বর্তমানে বিএনপির একজন কর্মী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মীর স্নিগ্ধ এই পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি লেখেন, তরুণদের বিশেষ করে ‘জেনারেশন জেড’-এর একটি বড় অংশ এনসিপিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছিল। পুরোনো ধারার রাজনীতির বাইরে গিয়ে নতুন কিছু করার প্রত্যাশা এবং দলটির স্বতন্ত্র অবস্থানই ছিল এই আগ্রহের মূল কারণ।
তবে সম্প্রতি এনসিপির জোটে যাওয়ার সিদ্ধান্ত সেই আগ্রহকে গভীর দ্বিধায় পরিণত করেছে বলে তিনি মনে করেন। তার ভাষায়, এখন ভোটের কথা জিজ্ঞেস করলে অনেকের মুখেই শোনা যাচ্ছে—‘ভাবছিলাম এনসিপিকে দেব, কিন্তু এখন চিন্তা করতেছি।’ এই অনিশ্চয়তাকে তিনি রাজনীতির জন্য সবচেয়ে বড় ক্ষতি হিসেবে অভিহিত করেন।
মীর স্নিগ্ধ বলেন, ক্ষমতার শর্টকাট পথে যেতে গিয়ে যদি ভোটারদের বিশ্বাস নষ্ট হয়, তাহলে দীর্ঘমেয়াদে রাজনৈতিকভাবে টিকে থাকা কঠিন। তার মতে, এনসিপি এককভাবে চললে হয়তো তাৎক্ষণিক বড় জয় না আসলেও ভবিষ্যতের বাংলাদেশে দলটির শক্ত ভিত্তি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত অনেক তরুণও এখন এনসিপির সাম্প্রতিক কৌশলগত পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলছেন। সময়ের ব্যবধানেই এই সিদ্ধান্তের প্রকৃত ফলাফল স্পষ্ট হবে বলে মন্তব্য করেন তিনি।