ঘুষ, মামা-চাচা ও আত্মীয়স্বজনের প্রভাব ছাড়াই চাকরি পেতে চাইলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে আয়োজিত এনসিপির নির্বাচনী পদযাত্রায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান।
গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, চলতি নির্বাচনের সঙ্গে গণভোট যুক্ত হওয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও ভোটাধিকার নিশ্চিত করতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিকল্প নেই। তিনি বলেন, “যদি শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার দেখতে না চান, যদি ঘুষ ছাড়া ও রাজনৈতিক সুপারিশ ছাড়া চাকরি চান, তাহলে হ্যাঁ ভোট দিন।”
তিনি আরও বলেন, ব্যাংকে আমানত নিরাপদ রাখা, দুর্নীতি, চাঁদাবাজি ও অর্থপাচার বন্ধ এবং মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতেও গণভোটে ‘হ্যাঁ’ ভোট জরুরি। গণতান্ত্রিক আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই জেলার মানুষ সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছে।
বক্তব্যের শেষে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহসহ অন্যান্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ১২ ফেব্রুয়ারি শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।