আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এর জয়ের মধ্যদিয়ে ৫৪ বছরে তৈরি হওয়া সব মাফিয়াতন্ত্র নিপাত যাবে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। রোববার (২৫ জানুয়ারি) ঢাকা আলিয়া মাদরাসা মাঠে ঢাকা-৭ আসনে জামায়াতের নেতৃত্বাধীন জোটের প্রার্থী এনায়েত উল্যাহর নির্বাচনি জনসভায় বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ডাকসু ভিপি বলেন, যারা মজলুম ছিল তারা আজ ‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে, এটা লজ্জার। ‘হ্যাঁ’ এর বিপক্ষে যারা থাকবে, আগামী ১২ তারিখে তাদের বিজয় হবে না। জনগণ তাদের বিপক্ষে অবস্থান নেবে। ১১ দলের সবাই ‘হ্যাঁ’ এর পক্ষে। আগামীতে ‘হ্যাঁ’ এর জয়ের মধ্যদিয়ে ৫৪ বছরে তৈরি হওয়া সব মাফিয়াতন্ত্র নিপাত যাবে।
চাঁদাবাজ-সন্ত্রাসীদের হুঁশিয়ার করে তিনি বলেন, যারা এখনো চাঁদাবাজি করছেন, সন্ত্রাস কায়েম করছেন, বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, আপনাদের এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যারা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি করছেন, আমরা কিন্তু প্রজেক্টরের মাধ্যমে সব জাতিকে দেখিয়ে দেবো। কোনো ছাড় দেয়া হবে না।
সন্ত্রাসীদের কোনো ঠিকানা হবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলম করে মানুষের থেকে বদদোয়া নেবেন না। আসুন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের কাছে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে, সেই বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করি।
জনসভায় অন্যদের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেন, একটি দলের মধ্যে পঞ্চাশের বেশি ঋণখেলাপি, তারা ক্ষমতায় থাকাকালীন দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।
তাদের অযৌক্তিক দাবির কারণে ছাত্র সংসদ নির্বাচনগুলো বারবার পেছানো হচ্ছে। কোর্টকে ব্যবহার করে শাকসু নির্বাচন বন্ধ করিয়েছে তারা। তবে বাংলাদেশের জনগণ জেগে উঠেছে, আর চাঁদাবাজদের জায়গা হবে না।