দেশের কারাগার ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পবিত্র কোরআনের তালিম চালু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে অপরাধে জড়িত বা অভিযুক্তদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্য নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পের আওতায় নতুন বই বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা জানান, বর্তমানে দেশে ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রায় ২৪ লাখ শিক্ষার্থীকে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে।
এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে কেরানীগঞ্জ ও চট্টগ্রামের কারাগারে কোরআনের তালিম চালু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের বড় বড় কারাগারেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে বড় বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলোতেও কোরআনের তালিমের ব্যবস্থা করা হবে।
ড. খালিদ হোসেন আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে আলেমদের জন্য পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে। প্রয়োজনে একজন শিক্ষার্থীর পেছনে এক কোটি টাকা পর্যন্ত ব্যয় করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
এছাড়া কওমি সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের দাখিল-ফাজিল-কামিলের সমমর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপদেষ্টাদের ডিও লেটার দেওয়া হয়েছে। ভুয়া শিক্ষাকেন্দ্র চিহ্নিত করে বন্ধ করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা।