সাইফুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
কুয়াকাটা সংলগ্ন আলিপুর বাজারের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে। অবহেলিত ও গুরুত্বপূর্ণ একটি প্রধান সড়কের মেরামত কাজ অবশেষে শুরু হয়েছে, যা স্থানীয়দের পাশাপাশি কুয়াকাটা আগত পর্যটকদের জন্যও ছিল চরম দুর্ভোগের কারণ।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে রাস্তাটির মেরামত কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যৌথভাবে উপস্থিত ছিলেন লতাচাপলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান এবং আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবু হানিফ খান।
স্থানীয় প্রশাসন ও আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির সম্মিলিত উদ্যোগে এ উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের পথে এগোচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ডা. মহিবুল্লাহ মুসুল্লি এবং সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। তাঁদের সক্রিয় ভূমিকা ও নিরলস প্রচেষ্টার ফলেই দ্রুত সংস্কার কাজ শুরু করা সম্ভব হয়েছে।
রাস্তার কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে। এ সময় লতাচাপলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান বলেন,এই রাস্তাটি মেরামতের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। আমরা আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে এবং চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।
অন্যদিকে, আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবু হানিফ খান বলেন,এই সড়কটি বাজারের অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত। সংস্কার কাজ শুরু হওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয়ই উপকৃত হবেন এবং বাজারে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ও মানসম্মতভাবে রাস্তার মেরামত কাজ সম্পন্ন হলে কুয়াকাটা আলিপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে এবং এর মাধ্যমে এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে।