বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সংকটময়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত জটিল হওয়ায় সার্বক্ষণিক নজরদারিতে রাখা ছাড়া উপায় নেই।
এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। তাদের সঙ্গে এবার যুক্ত হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে একটি আবেগঘন পোস্ট দেন তামিম ইকবাল। পোস্টে তিনি লেখেন, “বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি।
জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার জন্য দোয়া করি।” তামিমের এ বার্তাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
এদিকে, বিএনপি সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর সার্বিক চিকিৎসা পরিস্থিতি তদারকির জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে। শুক্রবার সন্ধ্যায় সর্বশেষ বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। এরপর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ কয়েকজন নেতা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার জন্য দ্রুত আরোগ্য কামনা করেছেন। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা-সহায়তা প্রস্তুত রাখার নির্দেশ দেন তিনি। ড. ইউনূসের এই মানবিক অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের প্রার্থনা একত্রে মিলেছে একটি প্রত্যাশায়—খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন।