বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কি না—এ নিয়ে দেশের সাধারণ মানুষের মনে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে এক জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। এর সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমুখী দাবি—যা নির্বাচনকে ঘিরে ভয় ও সংকট আরও বাড়িয়ে তুলছে। তিনি উল্লেখ করেন, কোনো দল বলছে নিম্নকক্ষে পিআর ব্যবস্থা না হলে তারা ভোটে যাবে না, কেউ আবার নির্বাচনের আগে গণভোটের দাবি তুলছে। আবার কেউ বলছে জাতীয় পার্টিসহ কিছু দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই পরস্পরবিরোধী অবস্থান ভোটের পরিবেশকে অনিশ্চিত করে তুলেছে।
তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও যারা দীর্ঘদিন সরকারে নেই, তারাই সরকারি নানা সুযোগ-সুবিধা ভোগ করছেন। এসব সুবিধা আঁকড়ে ধরে রাখতে তারা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জনমনে সন্দেহ তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা না করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে রুমিন জানান, গত ১৭ বছর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে থেকে তিনি নির্যাতিত মানুষের পাশে কাজ করেছেন। তাই তার রাজনৈতিক সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্ভর করবে দল ও কর্মীদের মতামতের ওপর। “তাদের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত,” বলেন তিনি।
জনসভাটি আয়োজন করে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। সভায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে অংশ নেন।