মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা
ভোলার সদর উপজেলার ইলিশা এবং কাচিয়া ইউনিয়নে কোস্ট গার্ড ও পুলিশের পৃথক দুটি যৌথ অভিযানে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৭৪ পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা এবং নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার সকালে এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।
৯ জুন সোমবার রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের যৌথ একটি দল দুটি পৃথক অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানটি চালানো হয় ইলিশা ইউনিয়নের সিরাজ শিকদারের বাড়িতে, এবং দ্বিতীয় অভিযানটি কাচিয়া ইউনিয়নের সাহমাদার গ্রামে। অভিযানে ২৭৪ পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা এবং নগদ ১২ হাজার ৮৪৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।
এ সময় একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোঃ আব্বাস (৩৮) সাহমাদার গ্রাম, কাচিয়া ইউনিয়ন, ভোলা সদর উপজেলা।
আটককৃত মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।