আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনড় রয়েছে বলে জানিয়েছেন বিসিবির সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠক শেষে তিনি স্পষ্ট ভাষায় বলেন, নিরাপত্তা ইস্যুতে বিসিবি তাদের অবস্থান থেকে এক ইঞ্চিও সরে আসবে না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে International Cricket Council-এর সঙ্গে বিসিবির একটি ভিডিও কনফারেন্স বৈঠক অনুষ্ঠিত হয়। বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অংশ নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শাখাওয়াত হোসেন বলেন, “আমরা যে অবস্থান নিয়েছি, সেখানেই আছি। আমাদের জায়গা থেকে এক ইঞ্চিও নড়ব না—মানে ভারতে আমরা যাব না।” তিনি জানান, আইসিসির সঙ্গে আলোচনা ইতিবাচক হলেও এখনো কোনো নতুন সিদ্ধান্ত আসেনি।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারতের বিভিন্ন ভেন্যুতে হওয়ার কথা ছিল। তবে তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিরাপত্তা শঙ্কায় বাদ দেওয়ার ঘটনার পরই বিসিবি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে।
বিসিবি মনে করছে, একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পুরো দলের নিরাপত্তা আরও বড় ঝুঁকির বিষয়। এ কারণে আইসিসির কাছে দুই দফা চিঠি পাঠিয়েছে বিসিবি, যার একটি উত্তর এখনো আসেনি।