নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে দুই দফায় আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছে। যদিও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, যদি শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন সম্ভব না হয়, তবে পাকিস্তান সেই ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত রয়েছে। পিসিবির সূত্র দাবি করেছে, পাকিস্তানের সব ভেন্যু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত।
জিও সুপার আরও জানায়, সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ও নারী বিশ্বকাপ বাছাইপর্বসহ একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে পাকিস্তান।
তবে বাস্তবতায় পাকিস্তানে ম্যাচ আয়োজনের সম্ভাবনা খুবই কম। কারণ, ভারতের সঙ্গে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা এবং ভারত বাইরে ম্যাচ হলে তা শ্রীলঙ্কাতেই হওয়ার কথা। এমনকি পাকিস্তানও তাদের নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।
প্রসঙ্গত, আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে নিরাপত্তাজনিত বিতর্কের পর বাংলাদেশের উদ্বেগ আরও বেড়ে যায়। বিসিবির পাঠানো দ্বিতীয় চিঠির পর আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আগামী সোম-মঙ্গলবারের মধ্যেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।