অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আগামী ডিসেম্বর মাসে পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ড. পিনাকী ভট্টাচার্য। একই সঙ্গে তিনি জানিয়েছেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের নির্দেশনা আজকের সংবাদ সম্মেলনে আসতে পারে।
সোমবার (৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি আগেই বলেছিলাম, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। আজ প্রফেসর ইউনূসের সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক নির্দেশনা আসতে পারে।”
তিনি আরও লেখেন, “নির্বাচনের আগে ডিসেম্বর মাসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন। অপরদিকে, জামায়াতে ইসলামী গণভোট ও জাতীয় নির্বাচনের ইস্যু মানবে না। শেষ পর্যন্ত ইউনূস সরকার এই সিদ্ধান্তে অটল থাকতে পারবে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।”
পিনাকী ভট্টাচার্য উল্লেখ করেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল। সরকারের ভেতরেও মতবিরোধ তৈরি হচ্ছে। তাই সবাইকে এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। এবারের খেলা হবে সমানে সমান।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বর্তমানে ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এর আগে ছাত্র নেতা নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পিনাকীর এই মন্তব্য আসন্ন নির্বাচন ও গণভোটকে ঘিরে নতুন রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করছে। বিশেষ করে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের সম্ভাবনা সরকারে ভেতরকার মতবিরোধের নতুন মাত্রা উন্মোচন করতে পারে বলে তারা মনে করছেন।