সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষের আগ্রহ এককভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরেই সীমাবদ্ধ। তিনি মন্তব্য করেন, আলী রিয়াজ ঐকমত্য কমিশনে বৈঠক করছেন, প্রধান নির্বাচন কমিশনার কর্মকর্তাদের শপথ পড়াচ্ছেন কিংবা ড. মুহাম্মদ ইউনূস আমেরিকা যাচ্ছেন এসব খবর এখন আর মানুষের কাছে কোনো গুরুত্ব পাচ্ছে না।
কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটি ভিডিও বা অডিও, এমনকি তাকে ঘিরে যেকোনো ছোট খবর প্রকাশ পেলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় রনি বলেন, “এখন বাজারে বলতে গেলে খবরের দুর্ভিক্ষ চলছে।” তার মতে, দেশে একসঙ্গে বহু হত্যাকাণ্ড ঘটলেও মানুষ তাতে তেমন মনোযোগ দিচ্ছে না। ধর্ষণ, অগ্নিকাণ্ড, পাহাড়ে গোলাগুলি কিংবা রাজনৈতিক সহিংসতা এসব বড় ঘটনার প্রতিও জনগণের আগ্রহ ক্রমেই হ্রাস পাচ্ছে। এমনকি জেলখানায় প্রভাবশালী ব্যক্তিদের মৃত্যু, অসুস্থতা কিংবা আদালতে হাজিরা—এসবও মানুষের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে না।
রনির মতে, বর্তমানে মানুষের একমাত্র কৌতূহল শেখ হাসিনাকে ঘিরেই। তিনি বলেন, “মানুষ জানতে চাইছে দিল্লি থেকে শেখ হাসিনা কী বার্তা দিচ্ছেন, কিংবা লন্ডন-ফ্রান্সে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার কী আলোচনা হচ্ছে।” আদালতে প্রতিদিন সাক্ষ্য-প্রমাণ গ্রহণ, যুক্তিতর্ক কিংবা বিবৃতি দেওয়া হলেও তা মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে নেই। বরং শেখ হাসিনাকে নিয়ে যে কোনো সংবাদই এখন সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিচ্ছে।
তিনি আরও মন্তব্য করেন, সংবাদমাধ্যমও এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিচ্ছে। অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ঘটনাকে পেছনে ফেলে গণমাধ্যমও হাসিনা-আওয়ামী লীগ ইস্যুকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রচার করছে। তার মতে, বর্তমান সময়ে দেশের মানুষের চোখ ও মনোযোগ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড ছাড়া অন্য কোথাও স্থির হচ্ছে না।