রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগের দমননীতির মুখে রাস্তায় বিএনপির নেতাকর্মীরাই বারবার প্রতিবাদ করেছে, মিছিল করেছে এবং আঘাত সয়েছে। কিন্তু একই সময়ে জামায়াত বা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এভাবে প্রতিরোধ গড়ে তুলতে দেখা যায়নি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহেদ বলেন, “আওয়ামী লীগ যখন মিছিল নিয়ে রাস্তায় নেমেছে, তখন ছাত্রদল, যুবদল বা বিএনপির নেতাকর্মীরাই সেটা ঠেকিয়েছে। কখনো কখনো কিছুটা আঘাতও করেছে এবং পরে পুলিশের হাতে তুলে দিয়েছে। কিন্তু জামায়াত কিংবা এনসিপিকে এ ধরনের প্রতিরোধ গড়ে তুলতে দেখা যায়নি।”
তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অন্যায়-অবিচারের বিরুদ্ধে মামলা করেছেন মূলত বিএনপি নেতাকর্মীরাই। “এটাই হওয়ার কথা। কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা জামায়াতের ভূমিকা দেখছি। তারা কোথায় ছিল? ২০১৪-১৫ সালের পর থেকে তারা কার্যত নিষ্ক্রিয় হয়ে গেছে,” যোগ করেন তিনি।
জাহেদ উর রহমান মনে করেন, জামায়াত একসময় কঠোরভাবে রাজপথে ছিল, বিশেষ করে যখন শেখ হাসিনা সরকার তাদের শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর করে। “কিন্তু এরপর থেকে তারা একেবারে চুপ হয়ে গেছে। শেখ হাসিনা যা যা চেয়েছেন তাই মেনে নিয়েছে। কোনোদিন তাদেরকে শক্ত অবস্থান নিতে দেখা যায়নি,” বলেন তিনি।
বিএনপি-জামায়াত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ, বিএনপি জামায়াতকে উপেক্ষা করা শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনার বিরুদ্ধে কি জামায়াতের কোনো অভিযোগ নেই? তারা কি স্বাধীনভাবে কোনো আন্দোলন করতে পারত না? কিন্তু করেনি।”
তিনি উদাহরণ টেনে বলেন, ২৮ অক্টোবর ২০২৩-এ বিএনপির ওপর যখন ভয়াবহ ক্র্যাকডাউন চালানো হয়, সেদিন জামায়াত নির্বিঘ্নে সমাবেশ করে বাসায় ফিরে যায়। “এটা কি ভুলে গেছি আমরা? এর মানে, জামায়াতের ওপরে দমননীতি একপর্যায়ে থেমে গেছে, কারণ তারা চুপ হয়ে গিয়েছিল,” মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকের মতে, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের ভার মূলত বিএনপিই বহন করেছে। অথচ জামায়াত ও এনসিপির অবস্থান ছিল অস্পষ্ট, তারা রাজপথে বাস্তব কোনো চ্যালেঞ্জ তৈরি করতে পারেনি। ফলে জনগণের চোখে এই দলগুলো ক্রমেই প্রান্তিক হয়ে পড়ছে।
ডা. জাহেদ উর রহমানের বিশ্লেষণ আবারও ইঙ্গিত দিচ্ছে—বাংলাদেশের রাজনীতিতে বিএনপিই মূল বিরোধী শক্তি হিসেবে সক্রিয়, অন্য দলগুলো সেখানে সহায়ক ভূমিকা থেকেও নিজেদের আলাদা অবস্থান শক্ত করতে পারেনি।