আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক মাসুদ কামাল। সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেল ‘কথা’য় দর্শকের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ঘটনার সূত্রপাত হয় মোহাম্মদ ইউসুফ নামের এক দর্শকের মন্তব্য থেকে। ইউসুফ লিখেছিলেন, “আমার মনে হয় সহসায় নির্বাচন হচ্ছে না। কেন জানি মনে হচ্ছে ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে।”
এ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে মাসুদ কামাল বলেন, ইউসুফ সাহেব কেন এমন মনে করছেন তা তিনি বুঝতে পারছেন না। তবে এরকম আশঙ্কা তিনি অন্য অনেকের কাছ থেকেও শুনেছেন। অনেকে মনে করছেন, ইউনূস নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নাও পেতে পারে।
আরেক দর্শক তাহমিনা আক্তার মন্তব্য করেন, “বুঝতে পারছেন খাল কেটে কুমির এনেছিলেন কিনা?” এর ব্যাখ্যায় মাসুদ কামাল বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম নিয়ে তিনি সমালোচনা করেছেন, আর তাহমিনার বক্তব্য অনুযায়ী সেই সরকার পতনের পর যারা ক্ষমতায় এসেছেন তারাই এখন জনগণের জন্য কুমিরের মতো সমস্যা তৈরি করছেন। নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেও তিনি স্বীকার করেন।
এছাড়া সোহেল রানা নামের একজন মন্তব্য করেন, “আমার মনে হয় না নির্বাচন হবে। হইলেও ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে না, বরং সবচেয়ে লজ্জিত-অসম্মানিত নির্বাচন হবে।”
এ বিষয়ে মাসুদ কামাল বলেন, তাঁর ধারণা নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, তবে তা হবে অত্যন্ত বিতর্কিত। কারণ বিপুলসংখ্যক ভোটার তাঁদের পছন্দের প্রার্থী বা প্রতীক খুঁজে পাবে না।