জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বিএনপির বর্তমান সাংগঠনিক দুরবস্থা ও মিডিয়া সেলের নিস্ক্রিয়তা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
রোববার (১৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, “দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মিডিয়া সেলের পারফরমেন্স হিমাঙ্কের নিচে। তাদের এই দারিদ্র্য অতীতের মত দলকে ভোগাবে।”
আসিফ লিখেন, “বিভিন্ন সাংগঠনিক জেলা বিএনপি নেতারা চাঁদাবাজদের চেনেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি পর্যন্ত পাওয়া যায়। এখনই দরকার শুদ্ধি অভিযান।”
তিনি আরও অভিযোগ করেন, “কেন্দ্রের পদ ও মনোনয়ন বাণিজ্যের কারণে ধনাঢ্য ব্যবসায়ীরা বিএনপিতে ঢুকেছে। তাদের মাসলম্যানরাই এখন চাঁদাবাজ, দলীয় পদে বসে আছে। ফলে বিএনপির সর্বত্র এক ধরনের সিন্ডিকেট চেহারা চোখে পড়ে। যেমনটা পুলিশের ক্ষেত্রে দেখা যেত—বেনজীর, হারুন, বিপ্লবদের মতো মুখ।”
বিএনপিতে নেতৃত্ব সঙ্কট আছে কিনা, এমন প্রশ্ন ছুড়ে দিয়ে আসিফ লিখেন, “সাংগঠনিক যোগ্যতা ছাড়াই এমপি-মন্ত্রীর ছেলেমেয়েরা এমপি হলে তৃণমূলের নেতৃত্ব উঠে আসবে না। শহীদ জিয়ার সাধারণ মানুষের পার্টি আজ হয়ে গেছে প্রাইভেট ক্লাব, সিন্ডিকেট দিয়ে পরিচালিত।”
সবশেষে তিনি বলেন, “যে বিএনপিকে ভালোবাসি, সেই বিএনপি ফিরে আসুক। শহীদ জিয়া অমর হোন, বাংলাদেশ জিন্দাবাদ। ভালোবাসা অবিরাম।”
তার এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।