জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, বিএনপিকে কেউ যেন ‘মোল্লা’ বা ‘চাঁদাবাজ’ হিসেবে না দেখে। তিনি সাফ জানিয়েছেন, “দুই বিষের এক বিষ— নো! জিয়াউর রহমানের দল এটা না। জিয়াউর রহমানের দল হচ্ছে প্রগ্রেসিভ, সবসময় আধুনিক।”
সোমবার বিকেলে কুমিল্লা নগরীর চর্থা এলাকায় ‘বিবেক’ টিমের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আসিফ আকবর। এ সময় তিনি বিএনপির অতীত ও দলীয় আদর্শ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।
আসিফ বলেন, “২০০১ থেকে ২০০৬ পর্যন্ত কিছু ঝামেলা হয়েছিল, আমরা সবাই সাফার করেছি। তবে আমরা আশা করছি, ভবিষ্যতে এগুলো হবে না। তখন অনেক কিছু হয়েছে যেগুলো সামনে আর হবে না।”
বাংলাদেশের সংগীত জগতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান নিয়ে আসিফ বলেন, “এই বাংলাদেশে ১৯৯০ এর মিউজিক নিয়ে গর্ব করা হয়। আমি ৮৯ এর স্টুডেন্ট। রেঁনেসা, ফিডব্যাক, এলআরবি, মাইলস, ওয়ারফেজ— এই ব্যান্ড আন্দোলন শুরু হয়েছিল তখন।
জিয়াউর রহমান সবাইকে ডেকে বলেছিলেন— দেশে আধুনিক গান করতে হবে। কি কি লাগবে? তখন শিল্পীরা বলেছিলেন— ফরেন ইনস্ট্রুমেন্টের শুল্ক অনেক বেশি। তখন জিয়া শুল্ক রহিত করেন। গিটার, ড্রাম, পিয়ানো আনতে আর বাধা থাকেনি। এভাবেই বাংলাদেশে মিউজিকের আধুনিকায়ন হয়েছে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, কৃষি, সব জাতীয় পুরস্কারের প্রবর্তক শহীদ জিয়া। এগুলো আওয়ামী লীগের সময় ছিল না। সবকিছু জিয়াউর রহমান সাহেব করেছেন। এগুলো আমাদের সামনে আনতে হবে।”
মতবিনিময় সভায় ‘বিবেক’ টিমের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনপ্রিয় এই কণ্ঠশিল্পী সভা শেষে ‘বিবেক’ অফিসও পরিদর্শন করেন।