কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, কেউ চাঁদা নিতে এলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দিতে হবে। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের স্থান হবে না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর রাতে নিজ নির্বাচনি এলাকা দেবিদ্বারে এসে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ জানান, কোনো ইজারাদার নির্ধারিত সীমানার বাইরে চাঁদা আদায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি এক ইজারাদারকে মোবাইল ফোনে সতর্কও করেন।
তিনি বলেন, “কাঁচাবাজারের ইজারা নিয়েছেন, তাই নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলতে হবে। এর বাইরে চাঁদা নিতে গেলে জনগণ ধরে মারধর করলে তখন আমার কিছু করার থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, “যে ব্যক্তি চাঁদা তোলে তার নাম শাহ আলম। সে যদি নির্ধারিত এলাকার বাইরে চাঁদা নিতে আসে, তাকে আটক করে পুলিশে সোপর্দ করবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।” পাশাপাশি চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহায়তা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, শপথ নেওয়ার পরপরই এমপি হাসনাত আবদুল্লাহ নিজ এলাকায় যান। বিভিন্ন গ্রাম পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দেন। বিশেষ করে শহীদ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি জানান, আগামী মার্চের মধ্যেই তা বাস্তবায়ন করা হবে।
বুধবার সকাল থেকে তিনি উপজেলার ১১টি শহীদ পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন।