ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে বিরোধীদলীয় নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংসদে বিরোধীদলীয় নেতা হতে পারেন বলে দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। পাশাপাশি বিরোধীদলীয় উপনেতা হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাম আলোচনায় রয়েছে। তবে জামায়াত ও ১১-দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও হুইপ পদ নিয়েও দলের ভেতরে আলোচনার ঝড় বইছে। এ দৌড়ে রয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
চট্টগ্রামের শাহজাহান চৌধুরী ও সাতক্ষীরার গাজী নজরুল ইসলামকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে। বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার মনোনয়নের কথাও আলোচনায় রয়েছে।
ডেপুটি স্পিকারের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন দলের সাবেক আমির মওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং মীর কাসেম আলির ছেলে আয়নাঘর থেকে ফেরত আসা ব্যারিস্টার আহমদ বিনকাসেম আরমান। দলীয় সূত্র বলছে, এ ক্ষেত্রে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনাই বেশি।
১১-দলীয় জোটের শরিকদের মধ্যেও পদবণ্টন নিয়ে সমন্বয়ের আলোচনা চলছে। সূত্রমতে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিরোধীদলের হুইপ হতে পারেন।
তবে জামায়াত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম বলেছেন, সংসদের এসব পদ নিয়ে দল এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। একই সঙ্গে ১১-দলীয় জোটকে অটুট রাখতে শরিকদের জন্যও সমঝোতার ভিত্তিতে ছাড় দিতে হতে পারে।