লক্ষ্মীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, শপথ গ্রহণ দ্রুত সম্পন্ন হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ্যানী বলেন, দেশে কিছু ছোটোখাটো ঘটনা ঘটছে। তবে নতুন সংসদ সদস্যদের শপথের মাধ্যমে সাংবিধানিক প্রক্রিয়া পূর্ণতা পেলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকারপ্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না—এ শর্ত নিয়ে দলের অবস্থান শপথের আগেই পরিষ্কার করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে দলের অভ্যন্তরে আলোচনা চলছে।
তিনি আরও জানান, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে তিনি শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সমন্বয় করছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ নিয়ে একটি সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে শপথকে ঘিরে প্রস্তুতি ও আলোচনার মধ্যে এ্যানীর বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে।