জাতীয় স্বার্থের প্রশ্নে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে একই সঙ্গে আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে আপসহীন থাকার কথাও জানিয়েছেন তিনি।
রোববার রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন জামায়াত আমির। তিনি তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানান এবং তার এই সফরকে জাতীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, তিনি ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। ১১ দলীয় জোটের সঙ্গে সমন্বয় করে একটি সমৃদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্র গঠনে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
বৈঠকে নির্বাচন-পরবর্তী সহিংসতা ও বিরোধী দলের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারেক রহমান—এ কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সরকারের জনকল্যাণমূলক কাজে সমর্থন থাকবে, তবে জবাবদিহিতার প্রশ্নে জামায়াত সোচ্চার থাকবে।