ঢাকা-১৫ আসনে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেওয়া এক রিকশাচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। রিকশাচালক শাহ আলম ভূঁইয়া (৫৫) গত ৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের ইটনায় একটি নির্বাচনী জনসভায় যাওয়ার পথে নৌকায় স্ট্রোক করে ইন্তেকাল করেন।
শাহ আলম পেশায় একজন রিকশাচালক ছিলেন এবং ঢাকার কাফরুল এলাকায় রিকশা চালাতেন। তিনি জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে দলীয় নির্বাচনী ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশ নিতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শিমুলবাঁকে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে জামায়াত আমির কিশোরগঞ্জে তার গ্রামের বাড়িতে গিয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এক শোকবার্তায় তিনি শাহ আলমকে দ্বীনের নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় ডা. শফিকুর রহমান মরহুমের অপ্রাপ্তবয়স্ক দুই সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদের সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। সফরে দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।