বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জামায়াত-শিবিরের রাজনীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘ইহুদী স্টাইলের অপকৌশলের রাজনীতি’ করে আসছে।
তিনি অভিযোগ করেন, জামায়াত ও ছাত্রশিবির তাদের বিপুলসংখ্যক নেতাকর্মীর পরিচয় প্রকাশ না করে দীর্ঘদিন ধরে গুপ্ত রাজনীতি পরিচালনা করছে। এতে করে সংগঠনের কর্মীরা ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক সমস্যায় পড়লেও দলীয়ভাবে তার দায় নিতে হয় না। রাকিবের ভাষ্য অনুযায়ী, এ ধরনের কৌশলের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
ছাত্রদল সভাপতি আরও বলেন, বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যক্তিগত বিষয় নিয়েও শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক মাধ্যমে ‘মব’ সৃষ্টি করা হয় এবং গুজব ছড়ানো হয়। তার দাবি, এসব কর্মকাণ্ডে শিবির সরাসরি সামনে না এসে অন্যদের ব্যবহার করে।
তিনি বলেন, দেশে আর গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না এবং জামায়াত-শিবিরের সব কমিটি প্রকাশের দাবি জানান। এ বিষয়ে শিগগিরই রাজনৈতিকভাবে পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।