ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের বিজয়ের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিপি সাদিক কায়েম বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে তিনটি লাশ পড়েছে এবং শতাধিক হামলার ঘটনা তালিকাভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, “জুলাই বিপ্লব হয়েছিল ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য। কিন্তু এখনো আমরা একই মারামারি-হানাহানির রাজনীতি দেখতে পাচ্ছি।” নতুন দায়িত্বপ্রাপ্তদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, তা না হলে শিক্ষার্থীরা আবার রাজপথে নামতে বাধ্য হবে।
ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ অভিযোগ করেন, নির্বাচনের পর থেকেই ১১-দলীয় জোটের শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে। চাঁদপুর ও মুন্সীগঞ্জসহ বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ডাকসু নেতারা।