ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, বিভিন্ন আসনে রেজাল্ট শিটে ঘষামাজা ও অসংগতি পাওয়া গেছে। এসব কেন্দ্রের ফলাফল নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তাই সংশ্লিষ্ট ৩০টি আসনের ফল স্থগিত, ভোট পুনর্গণনা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
জুবায়ের দাবি করেন, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও জনগণের ভোটাধিকার রক্ষার স্বার্থেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। দলীয় প্রার্থীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ ও পাল্টা অভিযোগের প্রেক্ষাপটে জামায়াতের এ ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। এখন নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।