কারচুপি করে ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থীকে হারানো হয়েছে। এ আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী আমিনুল হক।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর পল্লবীতে এক সংবাদ সম্মেলনে তিনি ভোট পুনর্গণনা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) কাছে গেজেট স্থগিত রাখার আহবান জানান।
আমিনুল হক বলেন, সরকার একটি দলকে ঢাকা শহরের আসনগুলোতে বিশেষ সুবিধা দেয়ার চেষ্টা করেছে। ঢাকা-১৬ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত ছিল। ভোটের দায়িত্বে নিয়োজিতরা জামায়াতে ইসলামীর পক্ষ নিয়ে কয়েকটি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ করেন তিনি।
ভোটের দিন প্রিজাইডিং অফিসারও সিল মেরেছে অভিযোগ তুলে আমিনুল বলেন, ১১ ফেব্রুয়ারি রাতে জামায়াতের প্রার্থী ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের রুমে গেছে। কয়েকটি কেন্দ্রে টার্গেট করে ভোটের ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যেখানে ফলাফল শিটে এজেন্টদের কোনো স্বাক্ষরও নেই।
ফলাফলকে মেকানিজম করার জন্য সরকারি মহল থেকে কাজ করেছে বলে অভিযোগ তার।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা-১৬ আসনে তীব্র লড়াইয়ের পর দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে আব্দুল বাতেন পেয়েছেন মোট ৮৮ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিপ্রার্থী আমিনুল হক ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। অর্থাৎ ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে এই আসনে জামায়াত প্রার্থীর বিজয় নিশ্চিত হয়েছে।