বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় তারেক রহমানকে সাধারণ নির্বাচনে তার দলের ঐতিহাসিক ও অসাধারণ বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানান তিনি।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার জন্য বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন শেহবাজ শরীফ।
কথোপকথনের একপর্যায়ে উভয় নেতা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অসাধারণ অবদান এবং উভয় দেশের জনগণকে আরও ঘনিষ্ঠ করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য শ্রদ্ধা জানান তারা।
তারেক রহমানকে যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রী। তারেক রহমানও এই আমন্ত্রণ গ্রহণ করেন। উভয় নেতাই আগামী দিনে দুই দেশের জনগণের কল্যাণের জন্য ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন।